জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি | চ্যানেল আই অনলাইন

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক-ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বাধীন তদন্ত কমিটি অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছিল। এবার মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি। ফলে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত করা হবে না জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে।

রোববার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিসিবি বলেছে, ‘সাবেক অধিনায়ক জাহানারা আলমের দায়ের করা অভিযোগ তদন্ত করার জন্য বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিটির অনুসন্ধানের ভিত্তিতে সাবেক ক্রিকেটার মনজুরুল ইসলামকে বিসিবি আওতাধীন সকল ধরণের প্রত্যক্ষ বা পরোক্ষ চাকরি এবং ক্রিকেট-সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করছে এবং প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় বিবেচিত অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

এর আগে জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। পরে লিখিতভাবে বিসিবিতেও অভিযোগ করেন তিনি। জাহানারার অভিযোগের প্রেক্ষিতে ৫ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি।

কয়েক দফা সময় বাড়ানোর পর গত ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জাহানারার অভিযোগ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় স্বাধীন অনুসন্ধান কমিটি। দুদিন পর ৪ ফেব্রুয়ারি বিবৃতিতে বিসিবি জানায়, ৪টি অভিযোগের মধ্যে দুইটির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির করা সুপারিশের ভিত্তিতেই আজ ভার্চ্যুয়াল বোর্ড সভায় মঞ্জুরুলকে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে কোনোভাবে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চাকরি করা মঞ্জুরুল অবশ্য গত বছরের ৩০ জুনের পর থেকেই বিসিবির কোনো দায়িত্বে নেই।

Scroll to Top