জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

‘পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ২৩তম পাখি মেলা। পাখিদের উপযুক্ত পরিবেশ তৈরি, পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলা আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম মেলার উদ্বোধন করেন।

Bkash

এসময় উপাচার্য ক্যাম্পাসে পাখির অভয়ারণ্য নিশ্চিত করতে জনসমাগম রোধের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, বিশিষ্ট পাখি বিশারদ ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন (আইসিইউএন) -এর প্রতিনিধি সারোয়ার আলম দিপু, আরণ্যক ফাউন্ডেশনের প্রতিনিধি আরিফুর রহমান প্রমুখ।

Reneta June

ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান।

পাখি মেলায় বিগ বার্ড প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা, গণমাধ্যমে পাখি বিষয়ক সেরা প্রতিবেদন এবং পাখি বিষয়ক গবেষণা প্রতিবেদন পুরস্কার প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত পাখিমেলায় ছোটদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরক্ষিত বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা এবং পাখিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

Scroll to Top