জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে দুই মাসব্যাপী কর্মসূচি ‘ট্রেনিং অন রিসার্চ মেথডোলজি’র প্রথম সেশনের উদ্বোধন করা হয়েছে। এতে ১৭০-এর বেশি শিক্ষার্থী ও সদস্য অংশগ্রহণ করেন।

শনিবার (১৬ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সিনেট হলে ‘রিসার্চ মেথডোলজির পরিচিতি, একাডেমিক রাইটিং ও রিসার্চ পেপারের কাঠামো’ শীর্ষক এ সেশন অনুষ্ঠিত হয়।

সেশনটি পরিচালনা করেন খন্দকার হাসান মাহমুদ। আলোচনায় গবেষণার জন্য উপযুক্ত বিষয় নির্বাচন, কার্যকর শিরোনাম নির্ধারণ, গবেষণার উদ্দেশ্য ও লক্ষ্য স্থির করা, অ্যাবস্ট্রাক্ট লেখা এবং পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধের কাঠামো তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা গবেষণাবিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তর পাওয়ার সুযোগ পান। এই কর্মসূচির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তৈমুর খান তূর্য এবং সহ-আহ্বায়ক হিসেবে রয়েছেন সামিয়া এনাম।

সেশনে ড. খন্দকার গবেষণায় সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মনোভাব নিয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান। জেইউআরএসের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আল আমিন দেওয়ান বিজয় তার বক্তব্যে স্নাতক পর্যায়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী বক্তব্যে জেইউআরএসের বর্তমান সভাপতি এমডি আবু রুম্মান উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নিয়মিতভাবে সব ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানান এবং জানান, কোর্স সফলভাবে সম্পন্নকারীরা ভবিষ্যতে জেইউআরএসের বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন | চ্যানেল আই অনলাইন
ছবি: সংগৃহীত

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জেইউআরএস শুধু একটি শিক্ষার্থী সংগঠন নয়; এটি গবেষণা, জ্ঞান বিনিময়, তরুণদের অনুপ্রেরণা ও ক্ষমতায়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

Scroll to Top