‘প্রুফ’ নামের প্রতিবাদ কর্মসূচির সবচেয়ে বড় সমাবেশটি হয় মিউনিখে। সেখানে প্রায় ১২ হাজার মানুষ অংশ নেন। মাইনৎস, জারব্রুকেনসহ আরও কয়েকটি শহরেও হাজার হাজার মানুষ এএফডি দল ও চরম ডানপন্থার বিরুদ্ধে বিক্ষোভ করেন।
‘প্রুফ’ আন্দোলনের অন্যতম দাবি হলো—জার্মানির সংবিধান রক্ষাকারী কর্তৃপক্ষ যেসব রাজনৈতিক দলকে পর্যবেক্ষণ করছে এবং যাদের ‘সন্দেহভাজন’ বা ‘নিশ্চিত চরম ডানপন্থী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের সাংবিধানিক অবস্থান পরীক্ষা করার উদ্যোগ নেওয়া। এ দাবিতে প্রতি মাসের দ্বিতীয় শনিবার বিক্ষোভের ডাক দেওয়া হচ্ছে।
গতকাল হামবুর্গে ২৫ হাজার মানুষের ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের মূল স্লোগান ছিল, ‘এখনই পদক্ষেপ নেওয়ার সময়—স্বাধীনতাকে রক্ষা করতে হবে’—এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্র দিয়ে মিছিল করেন। আয়োজকদের হিসাবে, বিক্ষোভে সর্বোচ্চ সময়ে প্রায় ২৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।