
জামালপুর, ৪ মে – বুকভরা স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার জন্য সুদূর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জামিল আহমেদ লিমন। কিন্তু সেই স্বপ্ন ফিরল নিথর দেহ হয়ে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী এই বাংলাদেশি শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে তার নিজ গ্রাম জামালপুরের মাদারগঞ্জে।
সোমবার (৪ মে) রাত পৌনে ৮টার দিকে মাদারগঞ্জ উপজেলার কড়ইতলা ইউনিয়নের লালডোবা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিকেল ৩টা ১০ মিনিটে লিমনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয় লিমনকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও হাজারো গ্রামবাসী ভিড় জমান। সন্ধ্যা ৭টা ২১ মিনিটে লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন লিমনের ফুফাতো ভাই হাফেজ মাওলানা সাইদুর রহমান।
জানাজায় অংশ নেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ বিন রশিদ এবং মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লিমনের মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা। স্বজনদের কণ্ঠে ঝরে পড়ছে শোক আর খুনিদের বিচারের দাবি।
পিতা জহুরুল হক বলেন “ছেলে বলত, ‘বাবা চিন্তা করো না।’ আমি শুধু জানতে চাই, কে তাকে এত কষ্ট দিয়ে মারল? আমি হত্যাকারীদের বিচার চাই।”
মা লুৎফুন হক বলেন “নিখোঁজ হওয়ার আগে শেষবার বলেছিল নিজের যত্ন নিতে। আজ খুনিরা আমার বুক খালি করল। আমি খুনিদের ফাঁসি চাই।” ছোট ভাই জুবায়ের বলেন “খুনিরা শুধু আমার ভাইকে নয়, আমাদের পরিবারের স্বপ্নকেও হত্যা করেছে।”
স্থানীয় বাসিন্দা মোস্তফা মিয়া বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে এভাবে প্রাণ হারানো পুরো গ্রামের জন্য গভীর শোকের বিষয়। এলাকাবাসীর দাবি, বাংলাদেশ সরকার যেন মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে।
লিমনের এই অকাল মৃত্যু কেবল একটি পরিবারের স্বপ্নভঙ্গ নয়, বরং বিদেশে পড়তে যাওয়া সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
এনএন/ ৪ মে ২০২৬






