
সাতক্ষীরা, ৮ ফেব্রুয়ারি – সাতক্ষীরার শ্যামনগরে রাজনৈতিক সম্প্রীতি ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা শেষে মাঠজুড়ে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, এর আগের দিন শনিবার দুপুরে একই বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষ হওয়ার পর মাঠজুড়ে খাবারের প্যাকেট, পলিথিন ও কাগজসহ বিভিন্ন বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর রবিবার দুপুরে বিএনপি প্রার্থী নিজে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ পরিষ্কারের উদ্যোগ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কার্যক্রমে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং মাঠের বিভিন্ন প্রান্ত থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করেন।
এ বিষয়ে বিএনপি প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার নৈতিক দায়িত্ব। সোমবার একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, তারা একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে তাদের কর্মসূচি পালন করতে চান। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচনী উত্তেজনার মাঝে ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির পর মাঠ পরিষ্কারের এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয়রা বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। উল্লেখ্য, সোমবার বিকেলে একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে, যার জন্য মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে।
এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬





