ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত একটার দিকে একটি অটোরিকশায় কয়েক বস্তা ইউরিয়া সার মনিরুল ইসলামের বাসায় নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালান। অভিযানে মনিরুল ইসলামের বাসা থেকে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। তিনি একজন ডিলারের কাছ থেকে ইউরিয়া সারগুলো নিয়ে তাঁর বাসায় মজুত করে রেখেছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ইউরিয়া সারগুলো জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সার মজুত করে রাখার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হবে।



