
ঢাকা, ১৪ জুন – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমৃদ্ধ সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই উপলক্ষ্যে মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত বছরব্যাপী এই অনুষ্ঠানমালা পালিত হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন এবং তাঁর সাহিত্য ও দর্শন ভিত্তিক বিভিন্ন সৃজনশীল কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী উল্লেখ করেন যে নজরুল বর্ষ উদযাপন সফল করতে একটি জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি এই আয়োজনের জন্য লোগো ডিজাইন, পোস্টার ও ক্যালেন্ডার মুদ্রণ এবং স্মারক ডাকটিকিট প্রকাশের প্রস্তুতি চলছে।
নজরুল বর্ষের প্রাক প্রস্তুতি হিসেবে আগামী ১৮ থেকে ২০ জুন পর্যন্ত দেশের ৬৪টি জেলা এবং ৭৪টি প্রত্যন্ত উপজেলায় তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর জন্য সংশ্লিষ্ট বাজেট থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে বছরজুড়ে নজরুলের সাহিত্য ও সংগীত নিয়ে উচ্চতর গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া জাতীয় কবির সৃষ্টিকর্ম আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে কবির ১২৭তম জন্মজয়ন্তীতে এই বছরটি পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল।
এনএন/ ১৪ জুন ২০২৬





