জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইল বাংলাদেশ – DesheBideshe

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইল বাংলাদেশ – DesheBideshe

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইল বাংলাদেশ – DesheBideshe

ঢাকা, ৩ মার্চ – জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ সমর্থন কামনা করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান জোরালো সংযোগ নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রিটিশ হাইকমিশনার দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ওপর জোর দেন। বিশেষ করে শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জনযোগাযোগ বৃদ্ধির মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়।

এ সময় মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান ড. খলিলুর রহমান। আগামী ২০২৬ ও ২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করার জন্য বাংলাদেশের প্রার্থিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। জবাবে হাইকমিশনার সারাহ কুক জানান, তিনি বাংলাদেশি প্রার্থীর যোগ্যতার বিষয়টি যুক্তরাজ্যের সদর দপ্তরে যথাযথভাবে উপস্থাপন করবেন। যুক্তরাজ্য বাংলাদেশের এই প্রার্থিতার বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে বলেও তিনি আশ্বস্ত করেন। বৈঠকটি দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক নানা ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়। উভয় পক্ষই ঢাকা ও লন্ডন সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে গভীর আশাবাদ ব্যক্ত করে। এর আগে ব্রিটিশ হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। ওই সময় তারা দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা করেন।

এসএএস/ ৩ মার্চ ২০২৬



Scroll to Top