কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয়বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা মানায় না। তার জন্য সরকারিভাবে প্রতিকার করেন নাই, এইটা তো এক তরফা নাকি দুই তরফা বলা যায়? সরকার এক তরফাভাবে কাজ করে চলছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ভালো থাকুক, খারাপ থাকুক প্রচুর মানুষ রয়েছে। কিন্ত এক তরফা নির্বাচন করলে বাংলাদেশে ভালো হবে না। সামনের নির্বাচনটা চাই সকল মানুষের অংশগ্রহণে। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। গুরুত্বসহকারে কাজ করলে কোন ঝুঁকি নেই। কিন্ত যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছেমতো কোন ফলাফল বের করবেন, তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে। সে ঝুঁকি নিয়ে টিকতে পারবে না।
এসময় সদ্য কারামুক্ত মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন, তাহলে ধারা তৈরি হতো। আজও বাংলাদেশে ধারা তৈরি হয়নি। বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি। কারণ কারোই রাষ্ট্রদর্শন নাই। বাংলাদেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে।




