সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন সরকার প্রশাসনে পরিবর্তন আনবে, এটি স্বাভাবিক। তবে অতীতের মতো দলীয়করণের অভিযোগ যেন না ওঠে, সেটিই এখন বড় প্রত্যাশা। ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রশাসনে নিয়োগ–বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনার প্রতিশ্রুতির কথা রয়েছে। বলা হয়েছে, ‘মেরিটোক্রেসির বাংলাদেশ’ বিনির্মাণে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ, বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ–বদলি ও পদোন্নতিতে যোগ্যতাই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। কেউ যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয়, সেটাও নিশ্চিত করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান প্রথম আলোকে বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, নতুন সরকার ক্ষমতায় এলে প্রশাসন গুছিয়ে নেওয়ার প্রবণতা থাকে। এটা হতেই পারে। কিন্তু গুছিয়ে নেওয়ার সময় দেখা হয় ‘আমাদের সঙ্গে ছিল কি না’। এ ক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা ভুক্তভোগী হয়ে যান। এবার নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে, আগের মতো যেন না হয়। নিরপেক্ষতা ও যোগ্যতা দেখেই যেন পরিবর্তনগুলো হয় এবং যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ যেন বঞ্চিত না হন।



