ভাঙন বাড়ছে যেসব এলাকায়
সরেজমিন ঘুরে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের উত্তর চরদরবেশ, উত্তর–পশ্চিম চরদরবেশ, চরসাহাভিকারী, চরইঞ্জিমান, তালতলী, তেল্লারঘাট, ফকিরাপুল, ইতালি মার্কেট এলাকা, চর মজলিশপুর ইউনিয়নের বদরপুর, মিয়াজীর ঘাট গ্রাম, বগাদানা ইউনিয়নের জেলেপাড়া, কুঠিরহাট কাটাখিলা, কালীমন্দির, আউরারখিল, আদর্শগ্রাম, কাজীরহাট স্লুইসগেট, আলমপুর, ধনীপাড়া, সাহেবের ঘাট, দাগনভূঞা উপজেলার ভাষাশহীদ সালাম নগর গ্রাম, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রাম, মাচ্চাঘোনা, পূর্ব চরহাজারী ও চরপার্বতী ইউনিয়নের পূর্ব চরপার্বতী গ্রামের নদী উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ভাঙন দেখা গেছে। ইতিমধ্যে কয়েক শ পাকা ও আধা পাকা বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
নদীর তীব্র ভাঙনে মানুষজন ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ছোট ফেনী নদীর জোয়ারের পানির তোড়ে কাজীরহাট থেকে বাংলাবাজার পাকা সড়কের প্রায় ৫০০ মিটার নদীতে বিলীন হয়ে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে বাজারের উত্তরাংশে বসবাস করা মানুষজন একমাত্র রাস্তাটি হারিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যাতায়াতে বিঘ্ন ঘটায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সোনাগাজী ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার কৃষিনির্ভর ব্যবসায়ীরা। ভাঙন অব্যাহত থাকায় মানচিত্রে ছোট হয়ে আসছে তিনটি উপজেলা।


