ছেলের আবদারে নাস্তা হাতে বাড়ি ফেরার পর পুকুরে মিলল মরদেহ

সাইফুল ইসলাম: মানিকগঞ্জের সিংগাইরে চার বছর বয়সী ছেলে রিদুয়ানের নাস্তা খাওয়ার বায়না ছিল বাবার কাছে। ছেলের আবদার পূরণ করতে বাবা বাজার থেকে রুটি ও নাস্তা কিনে বাড়ি ফিরেছিলেন। কিন্তু বাড়িতে ফিরে ছেলেকে আর খুঁজে পাননি তিনি। পরিবারের সদস্যদের খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ।

সিঙ্গাইর

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিদুয়ান ওই গ্রামের শ্যামল হোসেনের ছেলে।

শিশুটির বাবা শ্যামল হোসেন জানান, সকালে তিনি গোলাইডাঙ্গা বাজারে কেনাকাটা করতে যাওয়ার সময় ছেলে রিদুয়ান নাস্তা খাওয়ার বায়না ধরে। পরে বাজার থেকে রুটি ও নাস্তা কিনে বাড়ি ফিরে ছেলেকে খুঁজতে থাকেন। কোথাও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের গোলাইডাঙ্গা উচ্চবিদ্যালয়ের পুকুরে শিশুটি থাকতে পারে বলে সন্দেহ হয়। পরে পুকুরে খোঁজাখুঁজি করে পানির গভীর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অবগত করেননি।

এদিকে চার বছরের শিশুসন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এ ঘটনায় গ্রামজুড়েও নেমে এসেছে শোকের ছায়া।

Scroll to Top