
তেল আবিব, ২০ মার্চ – চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য আর্থকুয়েক ফ্যাশন নামের একটি গোপন সংগঠন।
বার্তা সংস্থা আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, এলবিট সিস্টেমস এবং একটি চেক কোম্পানির যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনাটিতে ২০ মার্চ ভোরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে কারখানাটির বেশ কয়েকটি ভবন পুড়ে ছাই হয়ে গেছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দ্য আর্থকুয়েক ফ্যাশন জানায়, ইউরোপে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের কার্যক্রম পরিচালনার জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সংগঠনটি আরও উল্লেখ করে, ফিলিস্তিন ও পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত তারা এ ধরনের হামলা অব্যাহত রাখবে। তাদের দাবি অনুযায়ী, চেক প্রজাতন্ত্রের পারদুবাইস শহরে অবস্থিত ওই কারখানার যন্ত্রপাতি ধ্বংস করার পাশাপাশি তারা সেখানে আগুন ধরিয়ে দেয়। তবে এই ঘটনায় কোনো মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আর্থকুয়েক ফ্যাশন নিজেদের এমন একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক হিসেবে দাবি করেছে, যারা ইসরায়েল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়। তারা আন্তর্জাতিক সরকারগুলোর কাছে আবেদন করার পরিবর্তে সরাসরি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে চেক প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার সঙ্গে সম্ভাব্য কোনো সন্ত্রাসী যোগসূত্র রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে।
এনএন/ ২০ মার্চ ২০২৬





