চুয়াডাঙ্গায় সোয়া কোটি টাকার ৫টি স্বর্ণের বারসহ আটক ১ – DesheBideshe

চুয়াডাঙ্গায় সোয়া কোটি টাকার ৫টি স্বর্ণের বারসহ আটক ১ – DesheBideshe


চুয়াডাঙ্গায় সোয়া কোটি টাকার ৫টি স্বর্ণের বারসহ আটক ১ – DesheBideshe

চুয়াডাঙ্গা, ২৪ মে – চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি বড় সোনার বারসহ মো. বাপ্পি (২৭) নামে এক সোনা চোরাকারবারিকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে। আটক বাপ্পি চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

বিকেলে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রোববার দুপুরে দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের কলোনিপাড়া এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোপনে অবস্থান নেয়।

কিছুক্ষণ পর মো. বাপ্পি একটি মোটরসাইকেল চালিয়ে সন্দেহজনকভাবে ওই এলাকা অতিক্রম করার সময় বিজিবি তাকে থামার নির্দেশ দেয়। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে সে বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং মোটরসাইকেলসহ তাকে আটক করে।

এরপর আটক বাপ্পিকে স্থানীয় জনসাধারণের সামনে এনে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৬০০ গ্রাম ওজনের ৫টি চকচকে সোনার বার। বর্তমান বাজারে জব্দকৃত এই সোনার আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের এই বড় চালানটি বিজিবির সতর্কতার কারণে ভেস্তে গেছে।

জব্দকৃত মূল্যবান সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক চোরাকারবারি বাপ্পির বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে মামলা দায়ের করে জব্দকৃত মোটরসাইকেলসহ তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএন/ ২৪ মে ২০২৬



Scroll to Top