র্যাঙ্কিংয়ে বাংলাদেশ চেয়ে ৯৫ ধাপ এগিয়ে চীন। মেয়েদের এশিয়ান কাপে নয়বার ও বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে নেমে ৪৪ মিনিট পর্যন্ত আটকে রাখে ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দারা। এরপর অল্প সময়ের মধ্যে দুই গোল হজম করলেও বাকি সময়টা লড়াই চালিয়ে গেছে আসরে প্রথমবার খেলতে আসা লাল-সবুজদের প্রতিনিধিরা। পুরো ম্যাচ জুড়ে কিছু মুহূর্ত বাদ দিলে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ, বলছেন প্রধান কোচ পিটার বাটলার।
সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে চীনের বিপক্ষে ২-০তে হারে বাংলাদেশ। দুটি গোলই হজম করে প্রথমার্ধের শেষ দিকে। ম্যাচ শেষের প্রতিক্রিয়া দিতে এসে বাটলার পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে দলকে নিয়ে গর্বের কথাই জানালেন।
লাল-সবুজদের ৫৯ বর্ষী ইংলিশ কোচ বাটলার বলেছেন, ‘চীন এশিয়ার অন্যতম সেরা দল, সম্ভবত সেরাদের মধ্যে সেরা এবং বর্তমান চ্যাম্পিয়ন। তারা জিতেছে, আমি তাদের অভিনন্দন জানাই। আমার মনে হয়েছিল যে, তারা হয়তো খেলাটা একপেশে করে ফেলবে, কিন্তু আমরা হাল ছাড়িনি। ম্যাচের আগে মেয়েদের বলেছিলাম তারা যেন তাদের সেরাটা দেয় এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়। তোমরা যা দিতে পারবে, তা দাও; নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো। তোমরা যেমন, তেমনই থাকো এবং আমরা যা, সেটাই দেখাও।’
‘আমরা এখানে শুধু রক্ষণ সামলাতে আসিনি। আমি সেভাবে কোচিং করাই না এবং আমার দলও সেভাবে খেলুক, তা চাইনি। সামগ্রিকভাবে মেয়েদের প্রচেষ্টা নিয়ে সত্যিই গর্বিত মেয়েরা দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির মান রেখেছে। এর মাধ্যমেই বোঝা যায় আমরা কতটা এগিয়েছি।’
গোলকিপার রূপনা চাকমার বদলে শেষ মুহূর্তে তিনি তরুণ মিলি আক্তারকে একাদশে নেন। মিলি বেশ কয়েকটি সাহসী সেভ করেছেন। মিলিকে নিয়ে এক প্রশ্নের জবাবে কোচ বলেছেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দীর্ঘদিন ধরে গোলকিপিংয়ের ক্ষেত্রে সংগ্রাম করেছে। মিলি আজ অসাধারণ ছিল। আমি পরিবর্তন আনতে চেয়েছিলাম এবং এ ধরনের সিদ্ধান্ত নিতে আমি ভয় পাই না। আমি খুশি যে আমরা অসম্মানিত হইনি।’
আগামী শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের আরেক ম্যাচে উজবেকিস্তানকে ৩-০তে হারিয়ে যাত্রা শুরু করেছে নর্থ কোরিয়া।





