
জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন সিরিয়াল ‘ফিরে আসার গল্প’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে। দুই দিন আগে প্রকাশিত ট্রেলারটি এরই মধ্যে ইউটিউবের মুভি চার্টে ট্রেন্ডিংয়ের এক নম্বরে অবস্থান করছে। পাশাপাশি ট্রেলারটি পেরিয়েছে ৬ লাখের বেশি ভিউ।
কয়েক মাস আগে শেষ হয়েছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের আলোচিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। সিরিয়ালটি শেষ হলেও দর্শকদের মধ্যে এর রেশ এখনও রয়েছে। এর মধ্যেই নতুন সিরিয়াল ‘ফিরে আসার গল্প’-এর ট্রেলার প্রকাশ করে নতুন করে চমক দিয়েছেন নির্মাতা।
ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। অনেকেই মন্তব্য করেছেন, ‘এটা আমাদেরই গল্প’র চেয়েও ভালো কিছু এবার অপেক্ষা করছে। কেউ কেউ লিখেছেন, রাজের মতো নির্মাতারা দেশীয় পারিবারিক গল্প নিয়ে কাজ করছেন বলেই দর্শক এখন বাংলাদেশের গল্পে নিজেদের আবেগ ও সম্পর্কের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন।
ভারত থেকে একজন দর্শক মন্তব্য করেছেন, “ইন্ডিয়া থেকে বলছি। ট্রেলার দেখে মনে হচ্ছে সামনে মারাত্মক লেভেলের কিছু অপেক্ষা করছে। অপেক্ষায় আছি এই সিরিয়ালের।” আবার কেউ কেউ জানিয়েছেন, ‘ফিরে আসার গল্প’ দেখার জন্য আর তর সইছে না।
শাকিল নামে একজন দর্শক লিখেছেন, “‘এটা আমাদেরই গল্প’ দেখে মোস্তফা কামাল রাজ ভাইয়ের ফ্যান হয়েছি। নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ দেখার জন্য অপেক্ষায় আছি। ট্রেলার দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ রাজ ভাই। আপনি থামবেন না।”
আরেক দর্শক লিখেছেন, বর্তমানের ব্যস্ততা ও একাকীত্বের সময়ে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে পারিবারিক ধারার সিনেমা-নাটকের গুরুত্ব অপরিসীম। পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে হাসি-কান্নার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মতো রুচিশীল ও সুস্থ চলচ্চিত্র ও নাটক আরও বেশি নির্মাণ হওয়া প্রয়োজন।
‘ফিরে আসার গল্প’-এর ট্যাগলাইন ‘যেখানে সম্পর্কই বড় শক্তি’। সিরিয়ালটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মনিরা মিঠু, দীপা খন্দকার, খায়রুল বাসার, তটিনী, ফয়জুল ইয়ামিন, এমএনইউ রাজু, বড়দা মিঠু, এজাজুল ইসলামসহ আরও অনেকে।
‘এটা আমাদেরই গল্প’-এর সাফল্যের পর ‘ফিরে আসার গল্প’ প্রসঙ্গে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, কোনো কনটেন্ট জনপ্রিয় হলে পরের কাজটি নিয়ে দর্শকদের প্রত্যাশা বেড়ে যায়। তবে একশ্রেণির মানুষ আগের কাজটিকেই ভালো বলবেন।
রাজ বলেন, “যে মানুষ বলে আগেরটা ভালো ছিল, সে কিন্তু আগেরটার সময় একবারও বলে নাই ভালো ছিল। আসলে এটা কিছু মানুষের স্বভাব, তারা তুলনা করবেই। আমি মনে করি, সব কনটেন্ট আমার সন্তান। এতটুকু বলতে পারি, আগের সিরিয়ালের সঙ্গে এটার কোনো মিল নাই। দুটো পুরোপুরি আলাদা কাজ, তবে এখানেও পরিবারের সম্পর্কের গল্প।”
এদিকে ‘ফিরে আসার গল্প’-এর টাইটেল গান লিখেছেন কবির বকুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা। ৭ অক্টোবর থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘ফিরে আসার গল্প’। দেখা যাবে চ্যানেল আইতেও।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


