চট্টগ্রাম বন্দরে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার পর চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা মো. হুমায়ূন কবীর ও মো. ইব্রাহীম খোকনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত থাকবে।
তবে এ সময়ের মধ্যে বন্দর কর্মচারিদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি দাবি পূরণ না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরে এনসিটি নিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর সাংবাদিকদের দেওয়া বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হয়েছে।
নেতাদের সঙ্গে সন্তোষজনক আলোচনার প্রেক্ষাপটে ধর্মঘট সাময়িক প্রত্যাহারের কথা জানান তারা।
ধর্মঘট প্রত্যাহারের পর সোমবার সকাল থেকে আমদানি রপ্তানি পণ্য সামগ্রীর ওঠানামা খালাস, ডেলিভারি পরিবহন বিশেষ করে রমজানের খাদ্য ও ভোগ্যপণ্য হ্যান্ডলিংসহ বন্দর কার্যক্রম পুরোদমে সচল হতে শুরু করেছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের লাগাতার কর্মসূচির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের প্রায় সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়।




