
চট্টগ্রাম, ২১ মে – চট্টগ্রাম বন্দরের অভ্যন্তর থেকে কয়েক কোটি টাকা মূল্যের কাপড় বোঝাই একটি কনটেইনার পাচারের ঘটনায় দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
বুধবার অভিযান চালিয়ে মিজানুর রহমান ও আবু সুফিয়ান নামের ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা এবং বন্দরে উচ্চমান বহিঃ সহকারী হিসেবে কর্মরত। অন্যদিকে নোয়াখালীর সেনবাগের বাসিন্দা আবু সুফিয়ান বন্দরের কিপ ডাউন এসসি ১৮৮ পদে কর্মরত রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে চীন থেকে আমদানিকৃত গার্মেন্টসের কাপড় বোঝাই একটি ৪০ ফুটের কনটেইনার বন্দর ইয়ার্ড থেকে চুরি হয়। পাচার হওয়া কনটেইনারটি গাজীপুরের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড আমদানি করেছিল। কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর বার্থ অপারেটর বশির আহাম্মদের মাধ্যমে জাহাজ থেকে খালাস করে জে আর ইয়ার্ডে রাখা হয়েছিল। পরবর্তীতে সিঅ্যান্ডএফ এজেন্ট এস জামান অ্যান্ড ব্রাদার্স লিমিটেড শুল্ক পরিশোধ করে ডেলিভারি নিতে গেলে কনটেইনারটির আর কোনো হদিস পাওয়া যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করতে গিয়ে ওই দুই কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।
কনটেইনার পাচারের ঘটনায় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ।
এনএন/ ২১ মে ২০২৬






