গ্রাম আদালতের সক্ষমতা জোরদারে ও গ্রাম পুলিশে নারী সদস্য বৃদ্ধিতে গুরুত্ব সরকারের | চ্যানেল আই অনলাইন

গ্রাম আদালতের সক্ষমতা জোরদারে ও গ্রাম পুলিশে নারী সদস্য বৃদ্ধিতে গুরুত্ব সরকারের | চ্যানেল আই অনলাইন

গ্রাম পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং নারীর অংশগ্রহণ বাড়াতে গ্রাম আদালতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার ও গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালি দায়ারত্নে-সহ চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

এই বৈঠকে গ্রাম আদালত প্রকল্পের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। গ্রামীণ জনগণের জন্য সহজ, দ্রুত ও কম খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী বলেন, গ্রাম আদালত দীর্ঘদিন ধরে গ্রামীণ বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে উচ্চ আদালতের ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ সময় গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করে মন্ত্রী বলেন, এতে স্থানীয় সরকারের কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব হবে। পাশাপাশি নারী গ্রাম পুলিশ সদস্যরা নারী ও শিশু–সংক্রান্ত সামাজিক সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও তিনি মনে করেন।

মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন দুই পক্ষ।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top