গুলিবিদ্ধ ওসমান হাদি: অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে র‍্যাব-পুলিশ-সিআইডি | চ্যানেল আই অনলাইন

গুলিবিদ্ধ ওসমান হাদি: অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে র‍্যাব-পুলিশ-সিআইডি | চ্যানেল আই অনলাইন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তার সংগঠন। তবে পুলিশ বলছে, দোষীদের গ্রেপ্তারে সর্বশক্তি নিয়োগ করেছে তারা। র‍্যাব, পুলিশ ও সিআইডি একসাথে কাজ করছে।

বিবিসি বাংলা জানিয়েছে, আজ (১৩ ডিসেম্বর) শনিবার সকালে পুলিশের আইজিপি বাহারুল আলম এই তথ্য নিশ্চিত করে বলেছেন, এই ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায় নি। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে আমরা সংকল্পবদ্ধ।

তিনি বলেন, এ নিয়ে র‍্যাব, পুলিশ ও সিআইডি সবাই একসাথে কাজ করছে। তারা সর্বশক্তি নিয়োগ করেছে। এ নিয়ে ছায়া তদন্ত চলছে। পুলিশের সব বিভাগ এক সাথে কাজ করছে। আমরা অপরাধীদের ধরে ফেলব। আমরা ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টা না, আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেই তাকে গ্রেপ্তারে কাজ করি। অচিরেই অপরাধীদের আটক করতে পারবো আশা করি।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ারে হাসপাতালে স্থানান্তর করার পর সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন আছেন ওসমান হাদি। শুক্রবার রাত এগারোটার দিকে হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এই ঘটনায় দোষীদের ধরতে আজ অর্থাৎ শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।

Scroll to Top