গুজরাটে গণপিটুনি থেকে বাঁচতে পুলিশকে ফোন দিল দুই চোর – DesheBideshe



নয়াদিল্লি, ২০ আগস্ট – ভারতের গুজরাটে গণপিটুনির হাত থেকে বাঁচতে পুলিশের সহায়তা চেয়েছে দুই চোর। গত বুধবার রাতে রাজ্যের বালসাদ জেলায় একটি জুয়েলারি দোকানে চুরির চেষ্টার সময় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ঘটনার সময় পরিস্থিতি বেগতিক দেখে চোররা নিজেরাই পুলিশের জরুরি সেবা নম্বরে ফোন করে জীবন রক্ষার আবেদন জানায়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, দিনেশ শঙ্কর ও ভিপিন পাঠক নামে দুই ব্যক্তি বিজে জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে তালা ভেঙে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দোকানের বাইরে জমায়েত হন এবং দোকানের শাটারটি বাইরে থেকে বন্ধ করে দেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দোকানের বাইরে মানুষের ভিড় বাড়তে থাকে এবং উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে দোকানের শাটার ভাঙার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা চোরেরা আতঙ্কিত হয়ে পড়ে এবং নিজেদের জীবন বাঁচাতে পুলিশের সহায়তা চায়।

চোররা ফোনে পুলিশকে জানায় যে তারা চুরি করতে এসেছিল কিন্তু জনতা তাদের ঘিরে ফেলেছে এবং দোকানের শাটার বন্ধ করে দিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতাকে নিবৃত করে চোরদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ সময় চোরদের কাছ থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এনএন/ ২০ আগস্ট ২০২৬



Scroll to Top