
ঢাকা, ১৯ জুন – বাংলাদেশ পুলিশ পুনরায় তাদের পুরনো গাঢ় নীল এবং হালকা অলিভ রঙের পোশাকে ফিরে যাচ্ছে। এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে সরকার।
পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এই প্রজ্ঞাপনে সই করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের পোশাক হবে গাঢ় নীল রঙের শার্ট। মেট্রোপলিটন পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা অলিভ রঙের শার্ট এবং সব ইউনিটের সদস্যের প্যান্টের রঙ হবে খাকি। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যাব এই পরিবর্তনের আওতামুক্ত থাকবে।
উল্লেখ্য যে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পুলিশের পোশাকে পরিবর্তনের দাবি ওঠে। এরপর গত বছরের ২৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যদের জন্য আয়রন বা লোহা রঙের পোশাক প্রবর্তন করা হয়েছিল। তবে সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে অসন্তুষ্টি ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হওয়ার কারণে অস্বস্তি বোধ করতেন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছিল। তাদের মতে পূর্ববর্তী পোশাক পরিবর্তনের সময় সদস্যদের গায়ের রঙ, আবহাওয়া এবং জনমত উপেক্ষা করা হয়েছিল।
অন্য বাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্য থাকার কারণেও মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পুনরায় পুরনো পোশাকে ফেরার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএন/ ১৯ জুন ২০২৬





