গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত, পাল্টাপাল্টি অভিযোগ – DesheBideshe

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত, পাল্টাপাল্টি অভিযোগ – DesheBideshe

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত, পাল্টাপাল্টি অভিযোগ – DesheBideshe

জেরুজালেম, ১৫ ফেব্রুয়ারি – ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর এই অভিযানে আরও কয়েকজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। গাজার চিকিৎসকদের তথ্যমতে সেখানে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি আশ্রয়শিবিরে বিমান হামলায় চারজন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে পৃথক বিমান হামলায় পাঁচজন এবং উত্তরাঞ্চলে গুলিতে একজন নিহত হন। এছাড়া গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় হামাসের মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এই ঘটনাকে গণহত্যা এবং যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিস বোর্ডের বৈঠকের ঠিক আগে এই হামলাকে তিনি তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর দাবি আন্তর্জাতিক আইন মেনেই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

গত অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হামাস বারবার লঙ্ঘন করছে বলে অভিযোগ তাদের। উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top