জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট সংবিধান সংস্কার প্রস্তাবের বিষয়ে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সংশোধন এনে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত সংশোধনী বিজ্ঞপ্তি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।
গেজেটে উল্লেখ করা হয়, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রণীত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রস্তাবসমূহের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না-এই প্রশ্নে ১২ ফেব্রুয়ারি ২০২৬ (২৯ মাঘ ১৪৩২) তারিখে অনুষ্ঠিত গণভোটের ফলাফল পূর্বে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যার ১২৭১৩ নং পৃষ্ঠায় প্রকাশিত হয়। উক্ত ফলাফল নির্বাচন কমিশন সংশোধন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।’
সংশোধিত ফলাফল অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি, যা পূর্বে উল্লেখ ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি। ‘না’ ভোটের সংশোধিত সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি; পূর্বে উল্লেখ ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। বাতিলকৃত ভোটের সংশোধিত সংখ্যা ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি; পূর্বে উল্লেখ ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।
এছাড়া গণভোটে সর্বমোট প্রদত্ত ভোটের সংশোধিত সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি, যা পূর্বে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি হিসেবে প্রকাশিত হয়েছিল।




