গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের | চ্যানেল আই অনলাইন

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের | চ্যানেল আই অনলাইন

ভারত ও বাংলাদেশ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা।

কর্মকর্তারা জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দুই দেশই ভারতের গঙ্গা ও পদ্মা নদীর পানি প্রবাহ পরিমাপ শুরু করেছে। আগামী ৩১ মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর এই পরিমাপ নথিভুক্ত করা হবে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশন-এর উপপরিচালক সৌরভ কুমার ও সহকারী পরিচালক সানি অরোরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। একই সময়ে চার সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দল ভারতে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা শিব্বর হোসেন বলেন, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় দলের নিরাপত্তায় “বিশেষ গুরুত্ব” দেওয়া হচ্ছে।

১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানিপ্রবাহের ভিত্তিতে দুই দেশ নির্দিষ্ট সূত্রে পানি ভাগাভাগি করে। আসন্ন মেয়াদোত্তীর্ণের আগে তথ্যভিত্তিক মূল্যায়ন ও আলোচনার মাধ্যমে নতুন বা নবায়নকৃত চুক্তির রূপরেখা নির্ধারণই বর্তমান বৈঠকের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

Scroll to Top