খেলোয়াড়রা ভিসা পেলেও ইরান দলের স্টাফদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘বাধা’ | চ্যানেল আই অনলাইন

খেলোয়াড়রা ভিসা পেলেও ইরান দলের স্টাফদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘বাধা’ | চ্যানেল আই অনলাইন

কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। মহাযজ্ঞ সামনে রেখে ইরান ফুটবল দলের খেলোয়াড় এবং কিছু সংখ্যক দল সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা অনুমোদন করা হয়েছে। তবে ইরানের দাবি, এখনও তাদের অনেক কর্মকর্তাকে আয়োজক দেশটিতে প্রবেশে বাধা দেয়া হচ্ছে।

ওয়াশিংটন নিশ্চিত করেছে, আসন্ন বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে। এর কয়েকঘণ্টা পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফুটবল দলের কর্মীদের ভিসা না দেয়ার অভিযোগ করেছে ইরান। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে ইরানের উদ্বোধনী ম্যাচের ১০ দিন আগে, শুক্রবার সকল খেলোয়াড় এবং প্রয়োজনীয় সহায়ক কর্মীদের ভিসা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র জানাচ্ছে, ইরানকে মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে পাচার করার জন্য এই ব্যবস্থার অপব্যবহার করতে দেয়া হবে না।

ব্যবস্থাপনা ও নির্বাহী কর্মীদের একটি বড় অংশ এবং প্রযুক্তিগত উপদেষ্টাদের ভিসা না দেয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রীড়াক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করেছে, তুরস্কে অবস্থিত ইরান দূতাবাস। ইরানের গণমাধ্যম জানিয়েছে, ফুটবল ফেডারেশনের প্রধান, তার সহকারী এবং একজন মিডিয়া পরিচালকসহ ১৫ জন প্রশাসনিক কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

দলটি টুর্নামেন্টের জন্য মেক্সিকোর পথে শনিবার তুরস্ক থেকে রওনা দিয়েছিল। প্রায় ২০ ঘণ্টার যাত্রা শেষে রোববার সহ-আয়োজক মেক্সিকোতে অবতরণ করেছে। ভিসার শর্ত অনুযায়ী, দলটিকে ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ ও ম্যাচ শেষেই প্রস্থান করতে হবে। শনিবার মেক্সিকোতে নিযুক্ত ইরান রাষ্ট্রদূত এ কথা জানিয়েছেন। বিবৃতিতে মার্কিনিদের উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা এখন ইরানের জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও বৈষম্যমূলক আচরণকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন।’

ইরানি দূতাবাসের কর্মকর্তারা ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে ১১ জুন। যেখানে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং অস্থির পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

মে মাসের শেষদিকে ইরান প্রশিক্ষণ ক্যাম্প অ্যারিজোনার টুকসন থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে। বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলবে। ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার পর সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলবে তারা।

Scroll to Top