চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপের শেষ ম্যাচের আগে ছিটকে গিয়েছিলেন সাকিব। প্রায় দুমাস ছিলেন মাঠের বাইরে। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল দিয়েই মাঠে ফিরেছেন টাইগার অলরাউন্ডার। তবে প্রত্যাবর্তনের দিনে ব্যাট হাতে ব্যর্থ দেশ সেরা তারকা। সেই সঙ্গে ফরচুন বরিশালের খালেদ ও মিরাজের দাপুটে বোলিংয়ে সংগ্রহটাও খুব একটা বড় করতে পারেনি রংপুর।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে রংপুরকে ব্যাটে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৩৪ রানে থামে রংপুর।
রংপুরকে ব্যাটে পাঠিয়ে ইনিংসের প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে ফেরান মোহাম্মদ ইমরান। দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন খালেদ আহমেদ। ফেরান রনি তালুকদার ও সাকিব আল হাসানকে। ৭ বলে ৫ রান করেন রনি, আর সাকিব করেন ৩ বলে ২ রান।
১৫ রানে তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে রংপুর। পঞ্চম ওভারের শেষ বলে আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান দুনিথ ওয়েল্লাগে। পঞ্চম উইকেট জুটিতে ৩৪ রান তোলেন নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী। ১০ম ওভারের শেষ বলে সোহানকে ফিরিয়ে জুটি ভাঙেন শোয়েব মালিক। দুই ছক্কায় ২৩ বলে ২৩ রান করেন সোহান।
১৪তম ওভারের শেষ বলে দলীয় ৮৬ রানে ১২ বলে ১০ রান করা মোহাম্মদ নবীকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১৬তম ওভারে শামীমকে সরাসরি বোল্ড করেন মিরাজ। ৩৩ বলে ৩৪ রান করেন শামীম।
ইনিংসের শেষ ওভারে দলীয় ১২৬ রানে জোড়া উইকেট শিকার করেন খালেদ। প্রথম বলে ফেরান ১৯ বলে ২৯ রান করা মেহেদী হাসানকে। পরের বলে ফেরান হাসান মাহমুদকে। পরে ১৩৪ রানে থামে রংপুরের ইনিংস।
বরিশালের হয়ে খালেদ নেন চারটি, মিরাজ দুটি ও ইমরান, ওয়েল্লাগে এবং শোয়েব মালিক একটি করে উইকেট নেন।




