বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঘুরে গেছেন দেশের তিন বাহিনীর প্রধান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার পর পর্যায়ক্রমে হাসপাতালে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিন বাহিনী প্রধান হাসপাতালের চিকিৎসক দল ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা, চোখের রোগসহ একাধিক দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন। তার বয়স এবং পূর্বের শারীরিক জটিলতা বিবেচনায় চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটজনক হলেও স্থিতিশীল। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে শারীরিক জটিলতার তীব্রতা আগের মতোই রয়েছে।
গত ২৩ নভেম্বর রাত ১২টার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরদিন মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটে।



