সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বাংলাদেশ সরকারের কাছে পাঠানো পৃথক বার্তায় তাঁরা জাপান–বাংলাদেশ মৈত্রীর ভিত্তি গড়তে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাঁর শোক বার্তা পাঠিয়েছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি শোক বার্তা পাঠিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে।



