খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে দাবি ট্রাম্পের – DesheBideshe

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে দাবি ট্রাম্পের – DesheBideshe

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে দাবি ট্রাম্পের – DesheBideshe

তেহরান, ১ মার্চ – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন যে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত হয়েছেন। তিনি বলেন, এটি কেবল ইরানের জনগণের জন্য নয়, বরং খামেনি ও তার বাহিনীর হাতে ক্ষতিগ্রস্ত মার্কিনি এবং বিশ্ববাসীর জন্য একটি কাঙ্ক্ষিত বিচার। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের উন্নত গোয়েন্দা নজরদারি ও ট্র্যাকিং ব্যবস্থা থেকে খামেনি রক্ষা পাননি এবং ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানে এই ফলাফল অর্জিত হয়েছে। ইরানের জনগণের জন্য এটিকে দেশ পুনরুদ্ধারের সুযোগ হিসেবে অভিহিত করেন তিনি।

ট্রাম্প আরও জানান, ইরানের বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর অনেকে আর যুদ্ধ করতে চাইছে না এবং তারা নিরাপত্তা খুঁজছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই জুটবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেন যে ইরানের নিরাপত্তা বাহিনী জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে।

তিনি জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত থাকবে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির প্রাসাদ ধ্বংস হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

এনএন/ ১ মার্চ ২০২৬



Scroll to Top