
গোপালগঞ্জ, ৫ মার্চ – গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ৯টার দিকে উপজেলা সদরের পৌর মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ৪০০ কেজি গরুর মাংস জব্দ করার পাশাপাশি তা ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন এবং কোটালীপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, পৌর মার্কেটের মাংস ব্যবসায়ী আলী আকবর গাজীর দোকান থেকে ওই বিপুল পরিমাণ মাংস জব্দ করা হয়। অস্বাস্থ্যকর ও অসুস্থ পশুর মাংস বিক্রির অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাংস রাতেই মাটি চাপা দিয়ে নষ্ট করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন জানান, কীটনাশকযুক্ত ঘাস খেয়ে একটি গরু অসুস্থ হয়ে পড়লে মরণাপন্ন অবস্থায় সেটিকে জবাই করা হয়।
নিয়ম অনুযায়ী জবাইয়ের আগে প্রাণিসম্পদ দপ্তর থেকে ফিটনেস সনদ নেওয়ার কথা থাকলেও ওই ব্যবসায়ী তা মানেননি। উপরন্তু তিনি ফ্রিজে মাংসের সঙ্গে চামড়া ও ভুঁড়ি অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আলী আকবর গাজী এ ধরনের অসাধু উপায়ে মাংস বিক্রি করে আসছেন। সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাবেই এমনটি ঘটছে বলে দাবি তাদের। উপজেলা প্রশাসন জানিয়েছে জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস এম/ ৫ মার্চ ২০২৬





