পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। তিনটি ভিন্ন দলে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন। এই ম্যাচেই একাদশে সুযোগ হয়েছে মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমনের। দেখে নেয়া যাক অভিষেক ম্যাচে কেমন কেমন ইমন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রানের পুঁজি পায় ইমন-মোস্তাফিজদের লাহোর। ১১তম ওভারের দ্বিতীয় বলে ফখর জামান আউট হন। চার নম্বরে ব্যাট করতে নেমে অবশ্য ইনিংস বড় করতে পারেননি ইমন।
প্রথম বলে ইমন কোন রান নিতে পারেননি। নিজের দ্বিতীয় বলে মুখোমুখি হয়ে ডাবলসে রানের খাতা খোলেন। প্রথম ১১ বলে ৮ রান তুলে মার্নাস লাবুশেনকে ছক্কা মারেন। কিন্তু এরপর আর দুই বল ছিলেন ক্রিজে।
১৬তম ওভারের দ্বিতীয় বলে রাইলি মেরেডিথের বলে টাইমিংয়ে গড়বড় করে লং অনে রিজওয়ান মাহমুদের ক্যাচ হন। ১৩ বলে এক ছক্কায় ১৪ রান করেন ইমন। ইমন জ্বলে উঠতে না পারলেও ফখরের হাফ সেঞ্চুরির সঙ্গে সিকান্দার রাজার ১০ বলে ২৫ ও শাহীন শাহ আফ্রিদির ২ বলে ১২ রানের সৌজন্যে লাহোর ৬ উইকেটে ১৯৯ রান করেছে।
এই ম্যাচেই একাদশে সুযোগ হয়েছে মোস্তাফিজেরও। তিনি সরাসরি চুক্তিতে লাহোরে খেলছেন। পরে নিলামে ডাক পান ইমন। ইমনকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেন স্বদেশী সতীর্থ ফিজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহীনশাহ আফ্রিদি-মোস্তাফিজদের দারুণ বোলিংয়ে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭০ রানের সংগ্রহ গড়েছে হায়দরাবাদ। বল হাতে ২ ওভারে ৯ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন বাংলাদেশী পেসার মোস্তাফিজ।






