সাইফুল ইসলাম: মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটার অপরাধে দুই ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম।
দণ্ডিত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর এলাকার মো. শরিফুল ইসলাম (৩২) ও একই উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার জাহিদুল ইসলাম (২১)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাহমুদুল ইসলাম জানান, কৃষিজমির টপসয়েল অবৈধভাবে কাটার গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় কৃষিজমির মাটি কাটার বিষয়টি প্রমাণিত হলে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁরা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয় এবং মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



