
কিশোরগঞ্জ, ৯ জুলাই – নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম বিতরণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এই অনিয়ম হাতে নাতে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ওঠায় নিয়মিত তদারকির অংশ হিসেবে ওই বিদ্যালয়ে পরিদর্শনে যান ইউএনও। সেখানে তিনি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবারে পচা ডিমের উপস্থিতি পান। এই ঘটনার পর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করে জানান যে, ইউএনও পরিদর্শনে এসে পচা ডিম পেয়েছেন তবে বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম সন্তোষজনক ছিল।
উল্লেখ্য, নীলফামারীর ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি সংস্থা ফিডিং কর্মসূচি পরিচালনা করছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনএন/ ৯ জুলাই ২০২৬






