নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পায়নি বাংলাদেশ। ২৪৮ রানের লক্ষ্যে নেমে হেরেছে ২৬ রানে। ম্যাচের শুরুতে সাইফ হাসানের ৫৭ এবং মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের ৫৫ রান রান ছাড়া কেউ পায়নি অর্ধ-শতক। লিটন দাস চেষ্টা করলেও ফিরেছেন ৪৬ রানে। সফরকারীদের সঙ্গে এমন হারের কারণ ব্যাখ্যা করেছেন ওপেনার সাইফ হাসান।
বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে দাঁড়ায় অতিরিক্ত ডট বল খেলার কারণে। পুরো ইনিংসে ২৯১ বল খেলে ১৬৬টিই ডট দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অর্থাৎ ইনিংসের অর্ধেকের বেশি বলে কোন রানই নিতে পারেননি তারা।
তবে এমন হার অজুহাত দিয়ে বাঁচার কোনো উপায় নেই বলেও জানিয়েছেন ৫৭ রান করা সাইফ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ বলেছেন, ‘অবশ্যই, উন্নতি করার জায়গা আছে (দৌড়ে রান নেয়ার ক্ষেত্রে)। কিন্তু উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা যদি আরেকটু উন্নতি করতে পারি, অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। একটা ধারণা ছিল উইকেট কী রকম হতে পারে। কিন্তু আজকে একটু বেশিই অসমান ছিল। কিন্তু আমার মনে হয় অজুহাত দিয়ে আসলে বাঁচার কোন উপায় নেই।’
‘পাকিস্তান সিরিজে তো আপনারা দেখেছেন ট্রু উইকেট ছিল। এখানেও উইকেট ভালো ছিল, এমন তো না একদম খারাপ ছিল। তবে আমার মনে হয় আমরা যদি একটু ভালো মতো মানিয়ে নিতে পারতাম। একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু অজুহাত দেয়ার কিছু নেই।’
নিজের উইকেট ভুল সময়ে পড়েছে জানিয়ে সাইফ বলেন, ‘কিছু ভুল সময়ে আমাদের উইকেটগুলো পড়েছে। যেমন আমার উইকেটটা, আমি যদি আরেকটু এগিয়ে নিতে পারতাম, আরেকটু সহজ হতো। সেট ব্যাটারের জন্য একটু সহজ ছিল, নতুন ব্যাটারের জন্য একটু কঠিন ছিল। আমাদের মানিয়ে নিতে হবে।’



