লিগ শেষ রাউন্ডে যাক, সেটা চাইবে না নানা সংকটের মধ্যে থাকা কিংস। আবাহনীকে অবশ্য শেষ রাউন্ড পর্যন্তই যেতে হবে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার গোপালনগর গ্রামের ছেলে বাবলুর কাছে আবাহনীর হোম ভেন্যু কুমিল্লার মাঠটা বেশ আপন। এই ডিফেন্ডার আজকের ম্যাচ নিয়ে স্বপ্নও দেখছেন, ‘কুমিল্লায় খেলা বাড়তি সুবিধা আমাদের জন্য। কিংসকে হারাতে পারলে আমরা সুবিধাজনক অবস্থায় চলে যাব। শেষ ম্যাচে জিতে লিগ জয়ের স্বপ্ন দেখছি।’
২৩ মে শেষ রাউন্ডে কিংসের প্রতিপক্ষ ফকিরেরপুল, আবাহনীর আরামবাগ। দুটিই সহজ ম্যাচ। ফলে আজকের ম্যাচটিই লিগের অলিখিত ফাইনাল। লিগটা এমন জমিয়ে তোলার কৃতিত্ব নিতে পারে আবাহনী। প্রথম পর্বে ৯ ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকা আকাশি নীলেরা দ্বিতীয় পর্বের টানা সাতটি ম্যাচই জিতে অবিশ্বাস্য ছন্দে আছে। কিংস প্রথম পর্বে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও দ্বিতীয় পর্বে সাত ম্যাচের দুটি ড্র করেছে। প্রথম লেগে কিংসের মাঠে দিয়াবাতে পেনাল্টি নষ্ট করলেও আবাহনী ২-২ ড্র করেছিল।
তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ঢের এগিয়ে কিংস। কিংসের ১২ জন খেলোয়াড়ই জাতীয় দলের। দলটির বড় শক্তি খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য। উইঙ্গার রাকিব, ফাহিমরা দেশসেরা। তাঁদের ক্রস থেকে অনায়াসে গোল করেন স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ। লিগে সর্বোচ্চ ১৬টি এবং ফেডারেশন কাপে ৯টি গোল করে এই মৌসুমে সবার ধরাছোঁয়ার বাইরে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
তবে কিংসের জন্য বড় ধাক্কা—তিন হলুদ কার্ডের খাঁড়ায় রাকিব আজ খেলতে পারবেন না। শাহরিয়ার ইমন খেলবেন তাঁর জায়গায়। বকেয়া বেতনের দাবিতে দুই নাইজেরিয়ান ইমানুয়েল ও সানডে আজও ম্যাচ বয়কট করছেন।



