ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে মুক্ত করে দেয়ার আশ্বাস দিয়ে এক নারীর (৪৫) বাড়িতে যাতায়াতের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। ওই নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়িয়া থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) মামলার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান।
অভিযুক্ত হযরত আলী মণ্ডল (৩৮) ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারও চালাচ্ছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী গ্রেপ্তার হয়ে কারাগারে যান। তাকে মুক্ত করে দেয়ার আশ্বাস দিয়ে হযরত আলী ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন।
গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেন হযরত আলী। এতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান হযরত আলী।
মুঠোফোনে ভুক্তভোগী নারী বলেন, স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে হযরত আলী নিয়মিত তাদের বাড়িতে আসতেন। ঘটনার দিনও কয়েকবার বাড়িতে যান তিনি। একপর্যায়ে স্বামীকে মুক্ত করার কথা বলে তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাকে জাপটে ধরে বিছানায় ফেলে দেন বলে অভিযোগ করেন ওই নারী।



