ফ্রান্সের শহর কানে শুরু হয়েছে ‘মার্শে দ্যু ফিল্ম’। এটি মূলত কান চলচ্চিত্র উৎসবের শিল্প ও বাণিজ্যিক অংশ। যেখানে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিবেশক, বিনিয়োগকারী এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রতিনিধিরা একত্র হন। এবারের আসর ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এবং এতে বিশ্বের ১৫০টির বেশি দেশ অংশ নিচ্ছে। আয়োজকদের তথ্যমতে, এবারের মার্শে দ্যু ফিল্মে অংশ নিচ্ছেন ২০ হাজারের বেশি চলচ্চিত্রসংশ্লিষ্ট পেশাজীবী। প্রদর্শিত হচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার চলচ্চিত্র। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, কানাডা, অস্ট্রেলিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ আরও বহু দেশ। বিশ্ব চলচ্চিত্র শিল্পে নতুন বিনিয়োগ, আন্তর্জাতিক পরিবেশনা এবং যৌথ প্রযোজনার সুযোগ তৈরিতে মার্শে দ্যু ফিল্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।























