কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত | চ্যানেল আই অনলাইন

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত | চ্যানেল আই অনলাইন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে সরকার।

আজ (১৫ জুলাই) বুধবার রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।

Scroll to Top