
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – রাজধানীর কলাবাগান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. শফিকুর রহমান নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
আহত শফিকুরকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান জানান, ঘটনার সময় শফিকুর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুর কুমিল্লার বুড়িচং থানার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর মধ্যবিদ্যা রোড এলাকায় বসবাস করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিতে আহত এক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬




