কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, দেশজুড়ে জরুরি অবস্থা – DesheBideshe



বোগোটা, ১১ আগস্ট – কলম্বিয়ায় স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। উদ্ভূত সংকট মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধসে পড়া ভবনের নিচে এখনও অনেকে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আঘাত হানা শক্তিশালী এই কম্পনের পর দেশটিতে দফায় দফায় আফটারশকের খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলে ভয়াবহ এই দুর্যোগে আহত হয়েছেন ৫৭০ জন।

প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়োলার সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকের পর এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে অতিরিক্ত সাহায্য ও সম্পদ পাঠানো সহজ হবে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার এবং এর ফলে বড় শহরগুলোতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। কফি উৎপাদনের জন্য পরিচিত রিসারালদা প্রদেশে সবচেয়ে বেশি ৪২ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ক্যালি শহরে অন্তত ৩০টি ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

চোকো প্রদেশের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা কুরি বাসিন্দাদের পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা ধসে পড়া ভবন থেকে মানুষকে উদ্ধারে একযোগে কাজ করছেন তবে সেখানে আধুনিক উদ্ধার সরঞ্জামের অভাব রয়েছে।

এস এম/ ১১ আগস্ট ২০২৬



Scroll to Top