যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান কর নিরীক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিচার বিভাগ। তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
আজ (২০ মে) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নির্দেশনায় বলা হয়, ট্রাম্প, তার পরিবারের সদস্য এবং তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কর সংক্রান্ত কোনো দাবি বা তদন্ত আর চালানো হবে না।
তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন নিজেদের স্বার্থ রক্ষায় ক্ষমতার অপব্যবহার করছে। কর ফাঁকি দেওয়া প্রেসিডেন্ট নিজে ও তার পরিবারের জন্য কর ছাড় নিশ্চিত করেছেন।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়কার হোয়াইট হাউসের নৈতিকতা বিষয়ক আইনজীবী রিচার্ড পেইন্টারও সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রেসিডেন্ট বা তার পরিবারের কর বকেয়া থাকলে এই ধরনের অব্যাহতি যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘ডোমেস্টিক ইমোলুমেন্টস ক্লজ’ এর পরিপন্থী হতে পারে।





