কিশোরগঞ্জের নিকলীতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নিকলী সদরের কৃষক মো. ঈমাম হোসেন (৬৫) প্রথম আলোকে বলেন, তীব্র শীতের কারণে তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রাজশাহীতে গতকাল সারা দিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার সঙ্গে ছিল হিমেল বাতাস। রাজশাহী নগরের আমজাদের মোড় এলাকায় রাস্তার পাশে মানুষজনকে আগুন জ্বালিয়ে তাপ নিতে দেখা যায়। নগরের মোহনপুর এলাকার শ্রমজীবী বাবুল হোসেন প্রথম আলোকে বলেন, শীতের কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। উত্তরের ঠান্ডা বাতাসে কষ্ট বাড়ছে। কাজকর্মও কমে গেছে। গতকাল দুই দিন পর তিনি কাজ পেয়েছেন। তীব্র শীতে তাঁর সংসার চালানো কঠিন হয়ে গেছে।
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে উত্তরের জনপদ রংপুরের স্বাভাবিক জীবনযাত্রা। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গতকাল সকালে রংপুর নগরের জাহাজ কোম্পানি, শাপলা চত্বর, পার্কের মোড় ও মেডিকেল মোড় এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় লোকজন কম। রিকশাচালক হাসান আলী বলেন, ‘শীতত কাহিল হছি। পেটের তাগিদে ঠান্ডাত রাস্তাত বাইর হইছি। রাস্তাত মানুষ নাই। গ্যামজ্যামের শহর ফাঁকা।’


