
কক্সবাজার, ১৯ ফেব্রুয়ারি – কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার ও টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় মেসুত ওজিল বা তার সফরসঙ্গীদের কেউ আহত হননি তবে গাড়িবহরের সঙ্গে সংঘর্ষে একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং এর চালক আহত হন বলে জানা গেছে। উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান যে ভিআইপি প্রোটোকল চলাকালীন একটি অটোরিকশা হঠাৎ সামনে চলে আসলে এই সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করেছে এবং আহত চালককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে দিনের বেলায় তুরস্কের প্রতিনিধি দল ও মেসুত ওজিল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিকেলে ৪ নম্বর ক্যাম্পে তিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গে ফুটবল খেলেন। পুলিশ জানিয়েছে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬





