
কক্সবাজার, ১৭ মার্চ – গত এক বছরে কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা আরও প্রায় ১ লাখ ৭৯ হাজার বৃদ্ধি পেয়েছে। সোমবার প্রকাশিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একটি মাসিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এক বছর আগে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬ হাজার ১০৭ জন।
কিন্তু বর্তমানে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৫৭ জন। ইউএনএইচসিআর তাদের প্রতিবেদনে আরও জানায়, ১৯৯০ সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫০২ জন।
পরবর্তীতে ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে চরম সহিংসতা শুরু হলে প্রাণ বাঁচাতে নতুন করে আরও ১০ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা অত্যন্ত মানবেতর পরিস্থিতিতে বসবাস করছে এবং তাদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এস এম/ ১৭ মার্চ ২০২৬





