
ঢাকা, ০৫ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
সিনিয়র সচিব বলেন, হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট আগামী ৭ জানুয়ারি দেওয়া হবে। এ ঘটনায় এরইমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব বলেন, সহযোগীর ছদ্মবেশে ফ্যাসিস্টের এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগ নিয়ে নাশকতাকারীরা যাতে সুবিধা নিতে না পারে বা পার পেয়ে না যায়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, সারা দেশে বর্তমানে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে সড়ক ও মহাসড়কে কুয়াশার কারণে দূরের রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে না। তাই সড়ক দুর্ঘটনা এড়াতে বিভিন্ন যানবাহনের চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক সমিতিকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নাসিমুল গণি বলেন, সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, সভায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমন এবং পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখার বিষয়েও গভীর আলোচনা হয়েছে। ইতোমধ্যে সীমান্ত ও পার্বত্য অঞ্চলে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬





