ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু | চ্যানেল আই অনলাইন

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু | চ্যানেল আই অনলাইন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আজ শুরু হয়েছে। নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও শোভাযাত্রার মধ্য দিয়ে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হবে। রথযাত্রা উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চান্দ্র আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আজ ১৬ জুলাই বৃহস্পতিবার রথযাত্রার সূচনা হয়। এর নয় দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা।

এবছর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই। ধর্মীয় বিশ্বাসে জগন্নাথ দেবকে জগতের অধীশ্বর হিসেবে মানা হয়। ভক্তদের বিশ্বাস, তার কৃপা লাভ করলে জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। এই বিশ্বাস থেকেই রথে জগন্নাথ দেবের পাশাপাশি বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি স্থাপন করে এক মন্দির থেকে অন্য মন্দিরে শোভাযাত্রা করা হয় এবং ভক্তরা রথ টেনে উৎসবে অংশ নেন।

জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ ৯ দিনব্যাপী বর্ণাঢ্য মহোৎসবের আয়োজন করেছে। রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির প্রাঙ্গণে আজ সকাল ৮টায় বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মঙ্গল কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ১০৮টি অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে।

বিকেল ৩টায় স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররমের উত্তর পাশ, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী মোড় অতিক্রম করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

Scroll to Top