
আন্তর্জাতিক আর্চারিতে সাফল্যের হাতছানি বাংলাদেশের সামনে। ইরাকে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে দুটি ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল এখন লড়বে স্বর্ণপদকের জন্য।
রিকার্ভ পুরুষ দলের ফাইনালে ওঠার পথটা ছিল দাপুটে। আবদুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া বাংলাদেশ দল সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারায়। আগামী ২৯ অক্টোবর স্বর্ণপদকের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কাজাখস্তান।
কম্পাউন্ড নারী দলও সেমিফাইনালে দাপট দেখিয়েছে। বন্না আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিকে নিয়ে গড়া দলটি শ্রীলঙ্কাকে হারিয়েছে ২৩৩-২১৯ স্কোরে। আগামী ২৮ অক্টোবর ফাইনালে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
প্রতিযোগিতার বাছাইপর্বেও নজর কেড়েছেন বাংলাদেশের আর্চাররা। পুরুষ কম্পাউন্ডে নওয়াজ আহমেদ রাকিব ৬৯৩ স্কোর করে প্রথম হন। নারী কম্পাউন্ডে বন্না আক্তার ৬৯৬ স্কোর নিয়ে শীর্ষস্থান দখল করেন। রিকার্ভ পুরুষ বিভাগে আবদুর রহমান আলিফ ৬৫৭ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন।
সুলাইমানিয়াহতে ২৪ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ এশিয়া কাপের দ্বিতীয় লেগ। স্বর্ণপদকের পাশাপাশি এই প্রতিযোগিতায় বিশ্ব র্যাঙ্কিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে বাংলাদেশের আর্চারদের সামনে। দুটি ফাইনালে সাফল্য পেলে আন্তর্জাতিক মঞ্চে দেশের আর্চারির অর্জনের খাতায় যোগ হবে নতুন পালক।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


