মানববন্ধনে বক্তারা বলেন, এমসি কলেজে তরুণী ধর্ষণের ন্যক্কারজনক এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিল সারা দেশ। ছাত্রলীগের নেতা-কর্মীরা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছিলেন। হাসিনা সরকার এ ঘটনার কোনো বিচার নিশ্চিত করেনি। বর্তমানে শোনা যাচ্ছে, কিছুসংখ্যাক লোক মামলাটির সাক্ষীদের ভিত্তিহীন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু একটি ঘটনা নয়, এর আগেও ছাত্রলীগের এক নেতা কলেজে পরীক্ষা দিতে আসা ছাত্রীকে কুপিয়েছিলেন। এসব ঘটনায় পরিষ্কার, ছাত্রলীগ কতটা বেপরোয়াভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছিল। এ শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম নষ্ট করেছেন সংগঠনটির নেতা–কর্মীরা। পাশাপাশি শিক্ষকদেরও বিভিন্ন সময় তাঁদের রোষানলে পড়তে হয়েছে। শিক্ষকদের বন্দী করে রাখার মতো ঘটনাও ঘটিয়েছেন তাঁরা।



